রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়
নতুন পয়গাম, মোফাক হোসেন: রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের অন্তর্গত রানীনগর অঞ্চলে আজ অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের এক বৃহৎ কর্মীসভা। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী ও সমর্থকেরা সকাল থেকেই সভাস্থলে জমায়েত হতে শুরু করেন। সভাকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, বিশিষ্ট নেতা গৌতম ঘোষ এবং রানীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খায়রুল ইসলাম-সহ একাধিক নেতৃত্ব। সভামঞ্চ থেকে নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন।
আয়োজকদের দাবি, হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দেয় এলাকায় দলের প্রতি সমর্থন কতটা সুদৃঢ়। সমর্থকদের একাংশের বক্তব্য, সুখে-দুঃখে যাঁকে পাশে পাওয়া যায়, তাঁকেই পুনরায় সমর্থন জানাতে চান তাঁরা। তাঁদের কথায়, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার বিষয়টি আগামী দিনেও অব্যাহত থাকুক– এই প্রত্যাশাই তাঁদের মূল বার্তা। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসমর্থনের এই চিত্র নির্বাচনী ফলাফলে কতটা প্রতিফলিত হবে, তা সময়ই বলবে।
সভায় কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। “তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ”, “মা মাটি মানুষদের সরকার জিন্দাবাদ” সহ বিভিন্ন স্লোগানে সভাস্থল মুখরিত হয়ে ওঠে। উপস্থিত কর্মীদের ঐক্যবদ্ধ সমর্থন ও উজ্জীবিত অংশগ্রহণ সভাটিকে প্রাণবন্ত করে তোলে। রানীনগর অঞ্চল সভাপতি খায়রুল ইসলামের নেতৃত্বে গোটা কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। তাঁর দিকনির্দেশনায় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের সমন্বয় ঘটানো হয় এবং সামগ্রিকভাবে কর্মীসভা শান্তিপূর্ণ ও সাফল্যমণ্ডিতভাবে শেষ হয়।








