জয়নগরের সাহাজাদাপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও যোগদান সভা
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রবিবার বিকেলে জয়নগরের সাহাজাদাপুর লস্করপাড়া সংলগ্ন মাঠে সাহাজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ সভা ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, জয়নগর–২ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখ, জয়নগর–২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কর্ণকান্তি হালদার, খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা, সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি মোনাজাত খান, উপপ্রধান পান্নালাল হালদার, সাহাজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ হালদার, রহমান লস্কর-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
সভায় বক্তারা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। জয়নগর–২ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখ এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বিধায়ক বিশ্বনাথ দাস তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন ও সরকারি পরিষেবা প্রসঙ্গে কথা বলেন এবং রাজনৈতিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি এসআইআর সংক্রান্ত বিষয়েও বক্তব্য রাখেন। এদিন সভা চলাকালীন সাহাজাদাপুর অঞ্চলের রিমা মণ্ডল, সুতপা সরদার, অসিত মণ্ডল ও তুষার দাসের নেতৃত্বে প্রায় চার শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিধায়ক বিশ্বনাথ দাস তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।








