বিএলএ নিয়োগে নিয়ম বদলে বিতর্ক নির্বাচনে পক্ষপাতের অভিযোগ তৃণমূলের
নতুন পয়গাম, কলকাতা:
ভোটের আগে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে নির্বাচন কমিশন। বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগে বড়সড় পরিবর্তন আনল কমিশন। এতদিন পর্যন্ত কোনও রাজনৈতিক দলের বিএলএ হতে গেলে সেই নির্দিষ্ট বুথের ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে, এখন থেকে একই বিধানসভার যে কোনও বুথের ভোটার হলেই অন্য বুথে বিএলএ হিসেবে দায়িত্ব নিতে পারবেন।
এই সিদ্ধান্ত ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, এই পরিবর্তনের ফলে বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপির সংগঠন দুর্বল, ওদের বুথে বুথে যথেষ্ট কর্মী নেই। তাই বিজেপিকে সাহায্য করতেই নির্বাচন কমিশন এই নিয়ম বদল করেছে।” কুণাল আরও জানান, “এটা একেবারে ভুল সিদ্ধান্ত। এতদিন পর্যন্ত বিএলএ-২ যারা থাকতেন, তাঁদের সেই বুথেরই ভোটার হতে হত। এখন বাইরে থেকে এনে দিলে তো ওই এলাকার ভোটারদের চেনা-জানা ও বোঝা কঠিন হবে। এতে ভোটের কাজে স্বচ্ছতা নষ্ট হবে। নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে কাজ করছে। বাইরের লোক এনে বুথে বসানো ঠিক নয়। এটা অন্যায্য এবং অযৌক্তিক সিদ্ধান্ত। তৃণমূল এর বিরোধিতা করবে যথাযথভাবে।”
অন্যদিকে, বিজেপি এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। দলের মতে, এতে সব দলের পক্ষেই সুবিধা হবে। যেসব বুথে পর্যাপ্ত কর্মী নেই, সেখানে অন্য বুথের ভোটারকে এনে বিএলও-র দায়িত্ব দিলে কাজে ভারসাম্য থাকবে। বিজেপির মতে, এতে ভোটের মাঠে প্রতিটি দলের সমান সুযোগ তৈরি হবে এবং তৃণমূলের বুথভিত্তিক একচেটিয়া আধিপত্য কিছুটা হলেও কমবে।








