বড়জোড়ার বেসরকারি চাবি কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা
সঞ্জয় মন্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
বাঁকুড়া জেলার বড়জোড়ার একটি বেসরকারি চাবি কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবক শ্রমিকের। মৃতের নাম বিজয় ধীবর (১৯)। তাঁর বাড়ি বড়জোড়া থানার অন্তর্গত সাহারজোড়া গ্রামে।
শনিবার সকালে কারখানার প্রথম শিফটে কাজ করার সময় আচমকাই দুর্ঘটনাটি ঘটে। সহকর্মীদের একাংশের দাবি, কোনোভাবে বিজয় দুটি মেশিনের মাঝখানে চাপা পড়েন। গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছতেই সাহারজোড়া গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, বিজয় ধীবর অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। তাঁর উপার্জনের ওপরেই নির্ভরশীল ছিল গোটা পরিবার। পরিবারে বাবা-মা এবং একজন অবিবাহিত বোন রয়েছেন। অল্প বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বিজয়।
ঘটনার খবর পেয়ে কারখানায় পৌঁছান তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মহম্মদ ওয়েস। এদিকে, বিজেপির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই দুর্ঘটনার জন্য যান্ত্রিক গোলযোগ ও নিরাপত্তার অভাবকেই দায়ী করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে কারখানায় শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।









