শিল্ডে আজ অভিযান শুরু সবুজ-মেরুন ব্রিগেডের, সামনে গোকুলাম
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম :
শুরু হয়েছে ১২৫ তম আইএফএ শিল্ড । বেশ কয়েক বছর পর কলকাতা ময়দানে আবারও শিল্ডের মহারণ দেখতে পাচ্ছে বাংলার ফুটবল প্রেমী মানুষ। এই ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডে বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে গোকুলাম কেরালার বিপক্ষে মাঠে নামছে ময়দানের শতাব্দী প্রাচীন ও বহু ইতিহাসের সাক্ষী মোহনবাগান। সম্প্রতি সময়ে তেমন ছন্দে নেই সবুজ মেরুন। ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে তরুণ প্রতিভাবান ফুটবলাররা নিজেদের মেলে ধরলেও শেষের দিকে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। অন্যদিকে এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচ গুলি দুর্দান্ত খেললেও নক আউট পর্যায় থেকে সবুজ মেরুন দল ছিটকে যায়। বিগত পরাজয়ের জ্বালা যন্ত্রনা এখন অতীত। ময়দানের এই সবুজ মেরুন দল ভালো কিছু করবে সেই দিকেই তাকিয়ে সমর্থকরা। অন্যদিকে প্রতিপক্ষ গোকুলাম কেরালা আই লীগে দাপিয়ে খেলে বেড়ায় শেষ কয়েক বছর। বেশ কয়েক বছর আগে তারাও ভারত সেরা হয়েছে আই লীগে। তবে সাম্প্রতিক সময়ে গোকুলাম কেরালা ঠিক সেভাবে ছন্দে নেই। তারাও চাইবে ম্যাচটি জিতে জয়ের ছন্দে ফিরতে। অন্যদিকে মোহনবাগান ফুটবলাররা চাইবে এই ম্যাচে জয় পেয়ে নিজেদের চাপ কাটিয়ে জয়ের ছন্দে ফিরতে।কিন্তু গোকুলাম কেরালা তারাও ছাড়বার পাত্র নয়, একেবারে শেষ পর্যন্ত লড়াই করবে বলেই জানালো। সব মিলিয়ে যে একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে তা বলাই বাহুল্য।
ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল তিনটেয়।








