আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল, মুখোমুখি অপরাজেয় ভারত-ইংল্যান্ড
স্টাফ রিপোর্টার: অলিখিত কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এবং সেমিফাইনালে আফগানিস্তানের দেওয়া ৩১০ রান তাড়া করে জয় পাওয়া ভারতের অনূর্ধ্ব ১৯ দল আজ খেতাবি লড়াইয়ে নামছে।প্রতিপক্ষ ইংল্যান্ড। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সফলতম দলের তালিকায় এক নম্বরে ভারত।এখনও পর্যন্ত রেকর্ড পাঁচবার খেতাব জিতেছে তারা।শুক্রবার আরও একবার ফাইনালে নামছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের দর্প চূর্ণ করে ষষ্ঠবার খেতাব জিততে মরিয়া আয়ুষ মাত্রেরা। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত বৈভব,বিহানারন।অবশ্য ইংল্যান্ডের ক্ষেত্রেও তাই।তারাও অপরাজিত রয়েছে টূর্নামেন্টে।অতএব খেতাবি লড়াইয়ে সেয়ানে-সেয়ানে টক্করের প্রতীক্ষা।
২০২২ সালের চ্যাম্পিয়ন ভারত গতবারও ফাইনালে খেলেছিল। কিন্তু খেতাবি লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। সেখানে ইংল্যান্ড মাত্র একবারই খেতাব জিতেছে। সেটাও ১৯৯৮ সালে। এই পরিসংখ্যান ভারতীয় দলের মনোবল আরও বাড়াবে। তাছাড়া চলতি আসরে দুরন্ত ফর্মে ভারতের ব্যাটিং। ছন্দে রয়েছে ওপেনার বৈভব সূর্যবংশী। ৬ ম্যাচে তিনটি অর্ধশতরান সহ বিষ্ময় বালকের সংগ্রহ ২৬৪, যা টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক। এছাড়া বিহান মালহোত্রা (২১০) ও অভিজ্ঞান কুন্ডুও (১৯৯) নিয়মিত রান পাচ্ছেন। আয়ুষ মাত্রের ফর্ম নিয়ে চিন্তায় ছিল ম্যানেজমেন্ট। সেমি-ফাইনালে ক্যাপ্টেনের ঝকঝকে অর্ধশতরানে স্বস্তি ফিরেছে শিবিরে। সেই সঙ্গে তিনশোর বেশি রান তাড়া করে শেষ চারের বাধা টপকানোয় আত্মবিশ্বাসে ফুটছে ব্যাটিং বিভাগ। বোলিংয়েও ছন্দে রয়েছেন দীপেশ দেবেন্দ্র, হেনিল প্যাটেলরা।
পক্ষান্তরে, অস্ট্রেলিয়াকে সেমি-ফাইনালে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে ইংল্যান্ডও। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুরন্ত ছন্দে ইংরেজ বাহিনী। আলাদা করে উল্লেখ করতে হবে ব্যাটার বেন মায়েসের। ৬ ম্যাচে একটি শতরান সহ ৩৯৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। সেই সুবাদে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। এছাড়া নিয়মিত রান পাচ্ছেন ক্যাপ্টেন থমাস রিউও (২৯৯)। তাই ভারতীয় ক্যাপ্টেন আয়ুষ মাত্রেকে সতর্ক থাকতে হবে। এই দুই ব্যাটারের বিরুদ্ধে স্পিনারদের ঠিকমতো কাজে না লাগালে কপালে দুঃখ রয়েছে। এছাড়া বোলিং বিভাগে ইংরেজদের ভরসা জোগাচ্ছেন ম্যানি লুমসডেন। ৬ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারি তিনি। এছাড়া রালফি অ্যালবার্টও নিয়মিত উইকেট পাচ্ছেন। সবমিলিয়ে শুক্রবার হারারেতে অনুরাগীদের জন্য উপভোগ্য ম্যাচ অপেক্ষা করছে। এখন দেখার আজ কোন দলের অপরাজেয় তকমা ঘোঁচে!








