তিন পরিযায়ী শ্রমিকের পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ
নতুন পয়গাম, রতুয়া: মালদা জেলার রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ পঞ্চায়েতের কুচিলা গ্রামের তিন পরিযায়ী শ্রমিকের পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় স্থানীয় পঞ্চায়েত সদস্যের পক্ষ থেকে। অতি বর্ষণে এদের মাটির বাড়ি ভেঙে পড়ে শনিবার। পরিযায়ী শ্রমিক আফজাল হোসেন, মুসা আলি ও জেনারুল হকের অসহায় পরিবারকে ত্রিপল, শাড়ি, লুঙ্গি-সহ পর্যাপ্ত খাদ্য সামগ্রী তুলে দেন শ্রীপুর-১ পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক মসিউর রহমান রাজা। তিনি বলেন, এই তিনটি পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। রতুয়া-২ ব্লকের বিডিও শেখর শেরপা কুচিলা গ্রামের এই তিন পরিবারকে আবাস যোজনার পাকা ঘর দেওয়ার বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। আফজাল, মুসা ও জেনারুল বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে আছেন। গৃহহীন তিনটি পরিবারই আপাতত খোলা আকাশের নিচে ঠাঁই নিয়ে মানবেতর দিন অতিবাহিত করছেন।








