জং-জঙ্গলে মুখ ঢেকেছে সবুজ সাথীর লক্ষাধিক সাইকেল
নতুন পয়গাম
কলকাতা, ১৬ সেপ্টেম্বর: ঠিক সময়ে বিলি হয়নি রাজ্য সরকারের দেওয়া সবুজ সাথী প্রকল্পের সাইকেল। ফলে কোথাও পরিত্যক্ত অবস্থায় জং ধরে পড়ে আছে, কোথাও আবার লতা-পাতা জঙ্গলে ঘিরে ফেলেছে সাইকেলকে। সব মিলিয়ে জানা গিয়েছে, বিলি-বণ্টনের অভাবে লক্ষাধিক সাইকেল খোলা আকাশের নিচে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ১৪ আগস্ট কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান থেকে এ বছর ১২ লক্ষ ছাত্র-ছাত্রীকে এই প্রকল্পে সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যে রাজ্যজুড়ে বিতরণ হয়েছে কয়েক লক্ষ সাইকেল। কিন্তু এখনও বহু জেলায় একাজ কাজ সম্পন্ন হয়নি। ফলে লক্ষাধিক সাইকেল পড়ে রয়েছে যত্রতত্র। রোদ, ঝড়, জল সবই বয়ে যাচ্ছে তার ওপর দিয়ে। স্বভাবতই লক্ষাধিক সাইকেলে জং ধরেছে, কেথাও-বা বন-জঙ্গল নষ্ট করে দিচ্ছে এসব সরকারি প্রকল্পের সাইকেলগুলোকে। দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকায় টায়ার-টিউবও নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ বিতরণের আগেই এমন অসংখ্য সাইকেল নষ্ট হয়ে যাচ্ছে। সে ব্যাপারে সংশ্লিষ্ট জেলা ও ব্লক প্রশাসন তথা শিক্ষা দফতরের কোন হেলদোল দেখা যায়নি বলে অভিযোগ উঠছে।
সোমবার এমন চূড়ান্ত গাফিলতির খবর নবান্নে আসামাত্রই নড়েচড়ে বসেছে প্রশাসনের শীর্ষ মহল। বিতরণ না-হওয়া সাইকেলগুলিকে অবিলম্বে ঢাকা জায়গায় বা শেডের নিচে রাখার নিদান দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে। পাশাপাশি ২০ সেপ্টেম্বরের মধ্যে স্ট্যাটাস রিপোর্টও তলব করা হয়েছে। হাতে মাত্র আর ৪ দিন সময়। এই অল্প সময়ে কীভাবে এত সাইকেল বিলি করা যায়, তা নিয়ে কালঘাম ছুটে যাচ্ছে জেলা প্রশাসনের।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর অধীনে নবম শ্রেণি থেকে স্কুল পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে এই সাইকেল দেয় রাজ্য সরকার। শুরু থেকে এ পর্যন্ত এই প্রকল্পে ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল বিলি করা হয়েছে। এবছর পাচ্ছে আরো ১২ লক্ষ পড়ুয়া। রাজ্যবাসীর দেওয়া করের টাকায় কেনা এসব সাইকেল কেন এভাবে দীর্ঘদিন বিতরণ না করে ফেলে রাখা হয়েছে, সে ব্যাপারেই কৈফিয়ত চেয়ে জরুরি রিপোর্ট তলব করেছে নবান্ন।








