এবারের বাজেট নারীশক্তির জাগরণের প্রতিচ্ছবি: তৃণমূল নেতা বিক্রমজিৎ চট্টোপাধ্যায়
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: এদিন গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও রাজ্য বাজেটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাজেট প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত অর্থেই এক জনমুখী বাজেট পেশ করেছেন।
তিনি জানান, সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য এবারের বাজেটে কোনও না কোনও ইতিবাচক বার্তা রয়েছে। বিশেষত সমাজের প্রান্তিক অংশের মানুষের কথা মাথায় রেখে প্রণীত এই বাজেট ঐতিহাসিক গুরুত্ব বহন করে। নারীশক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে যে জাগরণ সৃষ্টি হয়েছে, তা এক কথায় অনবদ্য। বিক্রমজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প শুধুমাত্র মাসিক আর্থিক সহায়তা নয়– এই প্রকল্পের মাধ্যমে বাংলার নারীদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে বারবার প্রমাণিত হয়েছে। বিদ্যাসাগর যে নারীস্বাধীনতা ও নারীশক্তির জাগরণের স্বপ্ন দেখিয়েছিলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটের মাধ্যমে নারীদের আর্থিক ও সামাজিকভাবে শক্তিশালী করে সেই আদর্শের প্রতি যথার্থ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।








