মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, ধৃত চোর
গোলাম আহম্মেদ চিশতী, নতুন পয়গাম, মালদা:
রবিবার সকালে মালদা শহরের ইংরেজবাজার থানার পিরোজপুর আমলিতলা জামে মসজিদে দানবাক্স ভাঙার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। প্রায় সাত মাস ধরে গচ্ছিত থাকা টাকার দানপেটি ভেঙে নিয়ে যায় এক অজ্ঞাতপরিচয় যুবক। গোটা ঘটনাটি ধরা পড়ে মসজিদের সিসিটিভি ক্যামেরায়।
ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৯টা নাগাদ মসজিদ ফাঁকা থাকার সুযোগে এক যুবক প্রবেশ করে দানবাক্সটি ভেঙে টাকা নিয়ে চম্পট দিচ্ছে। মসজিদ কমিটির সম্পাদক মহঃ রামিজুদ্দিন বলেন, “সকালে আমরা এসে দেখি প্রবেশদ্বারের পাশে থাকা দানবাক্সটি উন্মুক্ত, এক টাকাও নেই। সিসিটিভি ফুটেজে ছেলেটিকে দেখলেও কেউ চিনতে পারিনি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।”
মসজিদ কমিটির আরেক কর্মকর্তা মহঃ তালিমুল ইসলাম জানান, “শহরজুড়ে কখনো মসজিদ, কখনো মন্দিরের দানপেটি ভাঙার ঘটনা ঘটে। কিন্তু দুস্কৃতীরা ধরা পড়ে না। এই প্রথম সিসিটিভির সাহায্যে এত দ্রুত চোর ধরা পড়ল।”
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। মাত্র তিন ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে তদন্তের স্বার্থে ধৃতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পিরোজপুর আমলিতলা জামে মসজিদ শহরের প্রাচীনতম জুম্মা মসজিদগুলির একটি। প্রতি শুক্রবারে এখানে হাজারেরও বেশি মানুষ নামাজ পড়তে আসেন। অনেকেই দানবাক্সে টাকা ফেলেন, যা বছরে একবার খোলা হয়। তাই দানবাক্সে জমা টাকার নির্দিষ্ট অঙ্ক এখনো জানা যায়নি।
এই ঘটনার পর শহরের সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করায় পুলিশের তৎপরতার প্রশংসা করেছে মসজিদ কমিটি।








