এস আই আর নিয়ে কোন সমস্যা হবে না: রাজ্যপাল
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলি:
এস আই আর নিয়ে জনসাধারণের কোনো সমস্যা হবেনা। কারণ এস আই আর হল একটা গনতান্ত্রিক পদ্ধতি।দেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এটা করা প্রয়োজন।গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী মত থাকতে পারে। আমাদের সংবিধান ও গণতন্ত্র যথেষ্ট মজবুত। যে কোন মত আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। যে কোনো অশান্তি হলে তা সামাল দেওয়া সম্ভব। রাজ্যপাল চন্দননগর আদি হালদারপাড়া জগদ্ধাত্রী পুজোর মন্ডপে এসে এস আই আর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথাগুলো বলেন।
উল্লেখ্য, আদি হালদারপাড়ার পুজো ঠিক কতদিনের এখনও তার হিসাব পাওয়া যায়নি তাই এখানকার পুজো বুড়িমা নামে পরিচিত। মঙ্গলবার সন্ধ্যায় কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে নির্মিত বুড়িমা’র পুজো মন্ডপ এসে তিনি প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেন তিনি। এদিন রাজ্যপাল বেশ কিছুটা সময় পুজো মন্ডপে কাটান।প্রতিমা মন্ডপ আবহ দেখে মুগ্ধ হয়ে রাজ্যপাল তাঁর পক্ষ থেকে পুজো কমিটিকে এক লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।
পুজো কমিটির সভাপতি দীপাঞ্জন গুহ বলেন, পুজো কমিটির আপ্যায়নে খুশি হয়ে রাজ্যপাল এক লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। এতে আমরাও খুশি।
এদিকে এস আই আর প্রসঙ্গে মুখ খুললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এস আই আর হলে মানুষ যেন সুরক্ষিত থাকে, দিদি আছেন ভরসা রাখুন। মঙ্গলবার চন্দননগরে আদি মা জগদ্ধাত্রী পুজো দিতে এসে তিনি বলেন, আমরা জানি না কি হতে চলেছে। মানুষ যেন সুরক্ষিত থাকে, মানুষ যেন ভালো থাকে, এটাই চাই। আমরা মানুষের সঙ্গে রয়েছি। এস আই আর হলে আশা করি মানুষকে বিচলিত করবে না। আশা ভরসায় সবসময় দিদি আছেন, এটা মনে রাখবেন। তিনি আরও বলেন, কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছেন, তারাই এই পরিস্থিতি তৈরি করেছে। চন্দননগরের পুজোর মঞ্চ থেকে সাংসদ রচনার এই মন্তব্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।








