মহিলা শৌচাগারের জন্য মিলছে না জায়গা
৪ বছরেও সুরাহা না হওয়ায় উদ্বেগে কলকাতা পুরসভা
নতুন পয়গাম, কলকাতা:
পাঁচ বছরে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে ১২০টি মহিলা শৌচালয় নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু এ জন্য মিলছে না পর্যাপ্ত বা উপযুক্ত জায়গা। ২০২১ সালে কলকাতা পুরভোটে তৃণমূলের ইস্তাহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপর চার বছর কেটে গিয়েছে। এই সময়ে মাত্র দু’টি নতুন শৌচালয় চালু হয়েছে। মির্জা গালিব স্ট্রিট ও হিন্দ সিনেমার উল্টোদিকে। আর নির্মীয়মান অবস্থায় রয়েছে আরো ১৫টি।
পাশাপাশি শহরের পাঁচটি হাসপাতাল যথা- লেডি ডাফরিন, আর জি কর, বেলেঘাটা আইডি, কলকাতা মেডিক্যাল কলেজ এবং এনআরএসে তৈরি হবে মহিলাদের জন্য শৌচালয়। এগুলোর টেন্ডার প্রক্রিয়া চলছে। এর বাইরে আরও চারটি তৈরি হয়ে পড়ে রয়েছে, যেগুলো শীঘ্রই চালু হওয়ার কথা। বাকি দু’টির নির্মাণ কাজ শেষদিকে। আরও তিন-চারটির জন্য জায়গা চিহ্নিত হয়েছে। তবে এগুলোর কাজ এখনও শুরু হয়নি। এসব ক্ষেত্রে প্রধান সমস্যা হয়ে দেখা দিয়েছে জমি বা জায়গা। কলকাতা শহরে ১২০টি মহিলা শৌচালয় নির্মাণের মতো পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলাররাও জায়গার সন্ধান করে দিতে পারছেন না। ফলে প্রতিশ্রুতিও পূরণ হচ্ছে না।
জনৈক পুরকর্তা জানিয়েছেন, যেখানে পুরনো টয়লেটগুলিতে জায়গা রয়েছে, সেখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। যদিও সব জায়গায় এই সুযোগ নেই। জায়গার অভাবে নতুন করে মহিলা শৌচালায় তৈরি করা সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র পারিষদ ‘বস্তি’ স্বপন সমাদ্দার বলেন, শহরে জায়গা বের করা একটা বড় সমস্যা। জায়গা না পেলে কীভাবে নতুন করে শৌচালয় বানানো যাবে? তবুও, আমরা চেষ্টা করছি যাতে অল্প জায়গার মধ্যে কিছু করা যায়। আগামী বছরের মধ্যে আরো বেশ কিছু নতুন মহিলা শৌচালয় তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।








