৫১০০ সেকেন্ডের ভাষণে বাংলার উল্লেখ নেই: অভিষেক
নতুন পয়গাম: কেন্দ্রীয় বাজেট-২০২৬কে ‘মিথ্যে কথার ফুলঝুরি, হাম্পটি ডাম্পটি বাজেট’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুরে বাজেটকে দিশাহীন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর আশা ছিল, ভোটমুখী পশ্চিমবঙ্গকে দরাজ হস্তে উপহার দেবে মোদি সরকার। কিন্তু রবিবার নির্মলা সীতারমণের ৮৫ মিনিটের বাজেট ভাষণের শেষে দেখা গেল, রাজ্যের পকেট প্রায় খালি, এমনটাই মনে করছে এ রাজ্যের শাসকদল। শিলিগুড়ি থেকে বারাণসী হয়ে দিল্লি পর্যন্ত হাইস্পিড রেল করিডর, ডানকুনি থেকে সুরাত পর্যন্ত নতুন ফ্রেট করিডরের প্রস্তাব ছাড়া বড় কিছু উল্লেখই নেই কেন্দ্রীয় বাজেটে।
অভিষেক বললেন, এই বাজেটে বাংলার প্রাপ্তির ঝুলি শূন্য। কৃষক বলুন, কিংবা দেশের যুবসমাজ, কারোরই কোনও উল্লেখ নেই। যে সরকার এআই, ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে, তারা ভাবল না দেশের যুবকদের রোজগার কীকরে হবে ! কীভাবে কর্মসংস্থান হবে। অভিষেকের কথায়, ‘ফেসলেস বাজেট, বেসলেস বাজেট, ভিশন ও মিশনলেস বাজেট’।
অভিষেকের কথায়, ‘সরকার বাজেট পেশ করেছে। ওদের তো আত্মপক্ষ সমর্থন করতেই হবে। এটা বাজেট কম, সরকারের জনসংযোগ বিভাগের লেখা ‘সেলফ অ্যাপ্রাইজাল’ রিপোর্ট। কোনও সুর্নিদিষ্ট সমাধান নেই।’
এদিকে হাই স্পিড রেল করিডরের মানচিত্রে যুক্ত হল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশের ৭টি শহরকে জুড়বে হাই স্পিড রেল করিডর। আর সেই প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীর সঙ্গে জুড়তে চলেছে শিলিগুড়ি।








