মেয়াদ বাড়ল সেনা প্রধানের
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর:
সেনাবাহিনীর মধ্যে সংস্কার তথা আধুনিকীকরণ এবং দক্ষ নেতৃত্ব প্রদানে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আরও আট মাস বাড়াল কেন্দ্র সরকার। নতুন নিয়োগ অনুযায়ী, ২০২৬ সালের ৩০ মে পর্যন্ত তিন সেনার সমন্বয়ক ও সর্বাধিনায়ক পদে থাকবেন জেনারেল চৌহান।
জেনারেল চৌহান ২০২২ সালের ২৮ অক্টোবর তিন সেনার সর্বোচ্চ পদে নিযুক্ত হন, প্রায় ৪০ বছরের সেনা-সেবা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার পর চলতি মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও কেন্দ্রের নিয়োগ কমিটি ঘোষণা করেছে, তিনি সেনার সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) পদটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ, যেখানে তিন সেনাবাহিনীর মধ্যে সমন্বয়, কৌশলগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ পরিচালনাগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুদায়িত্ব থাকে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই গুরুত্বপূর্ণ পদে জেনারেল চৌহানের দীর্ঘ অভিজ্ঞতাকেই কেন্দ্র মূল্যায়ন করছে, যা দেশের নিরাপত্তা ও সেনার কার্যক্ষমতার জন্য অত্যন্ত জরুরি। অনিল চৌহান প্রায় ৪৫ বছর ধরে সেনার সঙ্গে যুক্ত এবং সেনার বিভিন্ন কম্যান্ডের দায়িত্বও সফলভাবে পালন করেছেন।
এরই মধ্যে, সেনার সদ্য সম্পন্ন অপারেশন সিঁদুরকে সফলভাবে সম্পন্ন করার পর, জেনারেল চৌহান দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে আরও আধুনিকীকরণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং বিভিন্ন স্তরের সংস্কারের প্রস্তাব দিয়েছেন। তার নেতৃত্বে এই কাজগুলো সফলভাবে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।








