আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ছোটগল্প সংকলন ‘ভাঙা সেতুর উপাখ্যান’ প্রকাশিত
নতুন পয়গাম,কলকাতা: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় (২০২৬) মেহনতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে হজরত উমার ফারুকের লেখা ছোটগল্প সংকলন ‘ভাঙা সেতুর উপাখ্যান’। একডজন ছোটগল্পের এক অনন্য সংকলনে ‘ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখকথা’ ঠাঁই পেয়েছে। গ্রন্থটি ইতিমধ্যেই পাঠক দরবারে সমাদৃত হয়েছে। কলকাতা বইমেলার ৩ অথবা ৪ নম্বর গেট দিয়ে ঢুকে থিম প্যাভিলিয়নের পাশে ১৮১নম্বর মেহনতি প্রকাশনী থেকে পাঠক বইটি সংগ্রহ করতে পারবেন। বইমেলা থেকে ‘ভাঙা সেতুর উপাখ্যান’ সংগ্রহ করেছেন ‘উদয়ের পথে’ পত্রিকার সম্পাদক তথা উত্তর ২৪ পরগনার চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.আকিকুল ইসলাম। তাঁর প্রতিক্রিয়া, ‘ভাঙা সেতুর উপাখ্যান’ এক অসাধারণ ছোটগল্প সংকলন। নজরকাড়া প্রচ্ছদ পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে। সহজ সরল ভাষায় সমাজ বাস্তবতার নিরিখে গড়ে উঠেছে এই ছোটগল্প গ্রন্থটি। শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, চিকিৎসক বিভিন্ন পেশার মানুষ গ্রন্থটি বইমেলা থেকে কিনছেন বলে প্রকাশনী সংস্থা সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে মেহনতি প্রকাশনীর কর্ণধার কাজল কর্মকার বলেন, ‘ভাঙা সেতুর উপাখ্যান’ পাঠক মহলে সাড়া ফেলেছে। এই গ্রন্থে সমাজের বর্তমান ও বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এটি সকল পাঠক-পাঠিকার কাছে ভালো লাগবে আমরা এই আশা করি। হজরত উমার ফারুক একজন উদীয়মান লেখক। তাঁর লেখালেখির মাধ্যমে সামাজিক চিত্র বাস্তবসম্মত ভাবে ফুটে উঠেছে। লেখক হজরত উমার ফারুক বলেন,মেহনতি প্রকাশনী আমার প্রথম ছোটগল্প গ্রন্থ প্রকাশ করেছে। প্রকাশকের প্রতি আমি চির কৃতজ্ঞ। ‘ভাঙা সেতুর উপাখ্যান’ একালের মানুষের জীবন, জীবিকা, আত্মপ্রতিষ্ঠা, আত্মমর্যাদার আখ্যান। মানুষের জীবনের এই উপাখ্যান পাঠকের দরবারে পেশ করা হয়েছে। সত্যানুসন্ধানী সম্মানীয় পাঠক বিচার করবেন।








