ভরসার প্রতীক বিরাট ফিরলেন দেশে, লক্ষ্য ওয়ানডে সিরিজ জেতা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম:
“দূরের দিগন্তে স্বপ্ন হাজার,মাটিতে পা তাই পড়লো রাজার”- রাজাই বটে।বিশেষ করে দক্ষিণ আফ্রিকার সাথে টেস্টে ল্যাজে-গোবরে হওয়ার পর তার কথা বেশি বেশিই মনে পড়ছে সমর্থকদের।তবে টেস্ট, টোয়েন্টিকে বিদায় জানানো কোহলি এখন পাকাপাকি ইংল্যান্ডে থাকেন।
ওডিআই সিরিজ খেলতে দেশে ফিরলেন তিনি। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে পা রাখেন সস্ত্রীক বিরাট কোহলি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন তিনি। তার জন্যই দেশে ফিরলেন ভিকে। প্রোটিয়াদের বিরুদ্ধে ৫০ ওভারের প্রথম ম্যাচ রবিবার রাঁচিতে। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন তারকা ব্যাটসম্যান। উল্লেখ্য, গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হার বাঁচানোর লড়াইতে ব্যস্ত সাই সুদর্শনরা। তাই ওয়ান ডে’তে বিরাট-রোহিতকে সামনে রেখেই বদলা নিতে মরিয়া টিম ইন্ডিয়া।
চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজ খেলেছিলেন বিরাট। ১-২ ব্যবধানে যা হারে ভারত। প্রথম দু’টি ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে রানে ফেরেন তিনি।সেই ফর্ম কন্টিনিউ করতে চান দক্ষিণ আফ্রিকার সাথে।জিততে চান সিরিজও।








