আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড
নতুন পয়গাম ডেস্ক: ভারতের সাথে বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ড যতটা খারাপ,নিউজিল্যান্ডের সাথে ততটাই ভালো।গত ওয়ানডে বিশ্বকাপে তো চারশোর বেশি রান করেও হেরেছিল নিউজিল্যান্ড। আর সেই অভিজ্ঞতাকে সঙ্গী করে শনিবার সুপার এইটের লড়াইয়ে নামছে পাকিস্তান। প্রেমাদাসা স্টেডিয়ামে বাড়তি সুবিধা পাবে পাক দল। কারণ, চলতি আসরে শুরু থেকেই শ্রীলঙ্কায় ঘাঁটি গেড়েছে সলমন আগারা। তাই পিচ ও পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে সলমন আগাদের। অন্যদিকে, নিউজিল্যান্ড প্রথম ম্যাচ খেলতে চলেছে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের সুপার এইটে দু’টি গ্রুপে খেলবে আট দল। দ্বিতীয় গ্রুপে পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সেমি-ফাইনালে যেতে হলে এই পর্বে পা হড়কানোর উপায় নেই। তাই শনিবার প্রেমাদাসায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় অনুরাগীরা। তবে পাকিস্তানের স্পিন বিভাগ নিয়ে সতর্ক কিউয়িরা। আবরার আহমেদ, সাইম আয়ুব, মহম্মদ নওয়াজরা ফর্মে রয়েছেন। আলাদা করে উল্লেখ করতে হবে উসমান তারিকের কথা। তাঁর উদ্ভট বোলিং অ্যাকশন ধরতেই পারছেন না ব্যাটাররা। ভারতের বিরুদ্ধেও খুব বেশি রান হজম করেননি তারিক। তবে পাকিস্তানের ব্যাটিং বিভাগ বেশ দুর্বল। ছোট ছোট টিমের বিরুদ্ধেই যত জারিজুরি শাহিবজাদা ফারহান, বাবর আজমদের। শক্তিশালী প্রতিপক্ষের সামনে চোখে সর্ষে ফুল দেখছেন তাঁরা। তাই শনিবার বড় রান তুলে পাকিস্তানকে চাপে ফেলতে চাইবেন কিউয়ি ব্যাটাররা। কিউয়িদের হয়ে ওপেনিংয়ে ঝড় তুলতে তৈরি টিম সেফার্ট ও ফিন অ্যালেন। তাঁরা দারুণ ফর্মেও রয়েছেন। তবে মিডল অর্ডারে সমস্যা রয়েছে। গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, ড্যারিল মিচেল ধারাবাহিকতার অভাবে ভুগছেন। তবে সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সেরাটা উজাড় করে দিতে তৈরি তাঁরা। বোলিং বিভাগে লকি ফার্গুসন, ম্যাট হেনরি, জেকব ডাফিদের উপস্থিতিতে নিউজিল্যান্ডের পেস আক্রমণ খুবই শক্তিশালী। সবমিলিয়ে সেয়ানে সেয়ানে টক্কর দেখার আশায় ক্রিকেট অনুরাগীরা।
তবে দলটার নাম যেহেতু পাকিস্তান, তাই আশায় জল পড়তেও পারে।
আজ বিশ্বকাপেঃ
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড।
খেলা শুরু সন্ধ্যা ৭টা।
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।








