উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সংসদ সভাপতি অধ্যাপক ড. চিরঞ্জীব ভট্টাচার্য
উমার ফারুক
নতুন পয়গাম, মালদা:
বুধবার মালদা জেলায় উচ্চ মাধ্যমিক (তৃতীয় সেমেস্টার) ২০২৬ এর দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। এদিন জেলায় পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক ড. চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জেলার কয়েকটি পরীক্ষার ভেন্যু পরিদর্শন করেন। তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং জেলার পরীক্ষা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
জানা গিয়েছে, এদিন হঠাৎ করেই সংসদ সভাপতি অধ্যাপক ড. চিরঞ্জীব ভট্টাচার্য জেলায় পরীক্ষার ভেন্যু পরিদর্শনে আসেন। তিনি মানিকচক ব্লকের এনায়েতপুর হাই স্কুল,এনায়েতপুর ই.এ হাই স্কুল,মানিকচক শিক্ষা নিকেতন ভেন্যু পরিদর্শন করেন। ফেরার পথে শোভানগর উচ্চ বিদ্যালয়ে যান। সংসদ সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার মালদা জেলার যুগ্ম আহ্বায়ক মহম্মদ বাসিরুল ইসলাম, অতিরিক্ত যুগ্ম আহ্বায়ক শিক্ষক ব্যোমকেশ সরকার প্রমুখ। এছড়াও ডিএসি সদস্য উত্তীয় পাণ্ডে সহ অন্যান্য সদস্যগণ।
এই প্রসঙ্গে জেলার যুগ্ম আহ্বায়ক মহম্মদ বাসিরুল ইসলাম বলেন, জেলায় উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সংসদ সভাপতি ড. চিরঞ্জীব ভট্টাচার্য অল্প সময়ে কয়েকটি পরীক্ষার ভেন্যু পরিদর্শন করেছেন। তিনি ভেন্যুতে ভালোভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন।
জেলার অতিরিক্ত যুগ্ম আহ্বায়ক ব্যোমকেশ সরকার বলেন, জেলায় দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সংসদ সভাপতি ভেন্যুতে গিয়ে পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন।








