বড়জোড়া থানার তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: বিশেষ সূত্রে প্রাপ্ত গোপন খবরের ভিত্তিতে বড়জোড়া থানার পুলিশের তৎপরতায় এক বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে গেল। গতকাল রাত আনুমানিক ১০টা নাগাদ পুলিশের একটি দল একটি সন্দেহজনক স্করপিও গাড়িকে অনুসরণ করতে শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা ব্যক্তিরা দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে বড়জোড়া থানার অন্তর্গত ব্যারেজ–মেটালী–মালিয়াড়া পিচ রোডের একটি স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকেই পুলিশ দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে গাড়িতে থাকা অন্যান্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একাধিক সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা ডাকাতির উদ্দেশ্যে ঘুটগড়িয়া ও পার্শ্ববর্তী এলাকায় যাচ্ছিল। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে আজ বাঁকুড়া জেলা আদালতে হাজির করা হয়েছে। পলাতক অভিযুক্তদের খোঁজে পুলিশি তল্লাশি ও অভিযান জোরদার করা হয়েছে।








