১৪ বছরের মিতালীর কাঁধে সংসারের ভার, পাশে দাঁড়াল ‘আপনজন’ সংস্থা
হাসান লস্কর, নতুন পয়গাম, দক্ষিণ ২৪ পরগনা:
মাত্র পাঁচ মাসের ব্যবধানে মা–বাবাকে হারিয়ে চরম সংকটে পড়েছে অষ্টম শ্রেণীর আদিবাসী ছাত্রী মিতালী মুদি। ১৪ বছরের এই কিশোরীর ওপরেই এখন ভরসা ৯০ বছর বয়সী ঠাকুমা এবং ৬ বছরের ছোট ভাই। নিতান্ত অল্প বয়সে সংসারের ভার কাঁধে তুলে নিতে গিয়ে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তার।
পরিবার সূত্রে জানা যায়, পাঁচ মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মিতালীর মা শররা মুদী। স্ত্রীকে হারিয়ে দুঃখে ভেঙে পড়লেও বৃদ্ধ মা ও দুই সন্তানকে নিয়ে কোনভাবে সংসার চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বাবা রাজকুমার মুদি। কিন্তু কয়েক দিনের জ্বরে তিনিও মারা গেলে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। সরকারি স্তরে কোনও সহায়তা না পেয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল মিতালীরা।
এমন সময় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে সুখদোয়ানি মা সারদা মহিলা সমিতি – ব্র্যান্ড নেম ‘আপনজন’। ভাই–বোনের হাতে তারা আর্থিক সহায়তা তুলে দেয় এবং ঘোষণা করে— পরিবারকে আমৃত্যু প্রতি মাসে ২০০০ টাকা করে সাহায্য প্রদান করা হবে। প্রথম মাসের সাহায্যের অর্থ এদিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সুশান্ত মিস্ত্রি এবং দক্ষিণ ২৪ পরগনার ‘আপনজন’-এর কো–অর্ডিনেটর সুশান্ত দাস (প্রভু)। তারা জানান, সমাজের উপেক্ষিত ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের সংস্থার লক্ষ্য। এলাকার বাসিন্দাদের মধ্যে এই মানবিক সহায়তা প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা আশা করছেন, সমাজ ও প্রশাসন যদি পাশে থাকে—তাহলে মিতালীর পরিবার আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে।








