বড়দিনের আমেজে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ সংলগ্ন বাজার
বড়দিনের আমেজে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ সংলগ্ন বাজার, বাড়ছে ক্রিসমাসের কেনাকাটা
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলি: সামনেই বড়দিন। আর সেই উৎসবের রঙে ইতিমধ্যেই রঙিন হয়ে উঠেছে ব্যান্ডেল চার্চ সংলগ্ন দোকানপাট। রবিবার চারদিকে ঝলমলে আলো, রঙিন সাজসজ্জার সামগ্রী, সান্টা ক্লজের পোশাক-টুপি, ক্রিসমাস ট্রি, গিফট আইটেমসহ নানা আকর্ষণীয় সামগ্রীতে সাজানো দোকানগুলো ক্রেতাদের ভিড়ে ব্যস্ত হয়ে পড়েছে।
দোকানদারদের মতে, এ বছর আগের তুলনায় ক্রিসমাসের বাজার আরও জমজমাট। পরিবার, শিশু ও তরুণরা ঘর সাজানোর সামগ্রী এবং উপহার কেনাকাটায় বেশি আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে রঙিন ক্রিসমাস ট্রি, লাইট সেট, সান্টা ক্যাপ, কস্টিউম এবং উপহার সামগ্রীর বিক্রি হচ্ছে ব্যাপক হারে।
এক বিক্রেতা বলেন, “ক্রিসমাস এলেই ব্যান্ডেল চার্চ এলাকার বাজারে আলাদা একটা উৎসবের আমেজ তৈরি হয়। এ বছর বিক্রি খুব ভালো যাচ্ছে। এখন থেকেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগে আছে।”
আরও এক দোকানদারের কথায়, “সান্টা ক্লজের জামা, টুপি, মাস্ক, ছোট ছোট উপহার সামগ্রী সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। স্কুল ও ক্লাবগুলোর অনুষ্ঠান থাকায় চাহিদা আরও বাড়ছে।”
বড়দিনের কাউন্টডাউন শুরু হতেই ব্যান্ডেল চার্চ চত্বর জুড়ে উৎসবের আবহে মেতে উঠেছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই।








