লালগোলায় চালু হল ভূমি সাব-রেজিস্ট্রার দফতর
নতুন পয়গাম, রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত পরিষেবাকে আরও নাগালের মধ্যে আনতে লালগোলায় ভূমি সাব-রেজিস্ট্রার দফতরের সূচনা করা হল। শনিবার লালগোলা কর্মতীর্থ ভবনে নতুন এই দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, দফতরটি চালু হওয়ায় লালগোলা ব্লক ও আশপাশের এলাকার প্রায় ১৩ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। এতদিন জমি রেজিস্ট্রির জন্য সাধারণ মানুষকে ভগবানগোলায় যেতে হতো। দীর্ঘ যাতায়াত, অতিরিক্ত সময় ও খরচের কারণে বহু মানুষকে সমস্যার মুখে পড়তে হত। নতুন দফতর চালু হওয়ায় সেই ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছে প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতে কাটেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া ও লালগোলার বিধায়ক মহম্মদ আলি। অনুষ্ঠানে রাজ্যের বিদ্যুৎ দফতরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান, সাংসদ খলিলুর রহমানসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে ভগবানগোলার সাব-রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব হিসেবে লালগোলার দফতরের কাজ পরিচালনা করবেন। খুব শীঘ্রই স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগ করা হবে। আগামী সোমবারের মধ্যে প্রশাসনিক বিভাগ বণ্টনের কাজ সম্পন্ন করে মঙ্গলবার থেকেই দফতরের কাজ পুরোদমে শুরু করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা নতুন দফতর চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই উদ্যোগ জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করে তুলবে।








