প্রযুক্তির আলোয় মাদ্রাসা শিক্ষার যাত্রা, গ্রামে কম্পিউটার ক্লাসের শুভ সূচনা
খান সাহিল, নতুন পয়গাম, বীরভূমঃ
শিক্ষা ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যাত্রা গ্রামে। মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদানী শান্তি মিশনে জাঁকজমকপূর্ণ পরিবেশে উদ্বোধন করা হলো নবনির্মিত কম্পিউটার ক্লাস। এই উদ্যোগের মাধ্যমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ পেল মাদ্রাসার পড়ুয়ারা।
এদিন ফিতে কেটে কম্পিউটার ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামিয়া ইসলামিয়া মাদানী শান্তি মিশনের সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান সাহেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার কার্যকরী সভাপতি মাওলানা আব্দুর রহমান সাহেব, পরিচালন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব শেখ সালাউদ্দিন, মাওলানা জামশেদ, মাওলানা ফজলুল হক সহ অন্যান্য আলেম-ওলামারা। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, বর্তমান আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই কম্পিউটার ক্লাস চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান সাহেব বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান আজকের যুগে অত্যন্ত প্রয়োজনীয়। এই কম্পিউটার ক্লাস মাদ্রাসার ছাত্রদের জন্য জ্ঞানার্জনের একটি নতুন দরজা খুলে দিল, যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি শিক্ষার সুযোগ করে দিতে প্রাথমিক পর্যায়ে আজ ১০টি কম্পিউটার প্রদান করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে ধাপে ধাপে আরও কম্পিউটার সংযোজন করা হবে, যাতে অধিক সংখ্যক পড়ুয়া উপকৃত হতে পারে।
এছাড়াও এদিন একটি বিশেষ ঘোষণা করা হয়। মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে যারা হেফজুল কোরআন সম্পন্ন করেছে এবং অন্যান্য শিক্ষায় কৃতিত্বের পরিচয় দেবে, তাদের বিশেষভাবে মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতে একজন মেধাবী শিক্ষার্থীকে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হবে। এবছরই একজন শিক্ষার্থীকে ওমরাহ পালনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পড়ুয়াদের মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
এই উদ্যোগের মাধ্যমে যাত্রা গ্রামের এই মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেই নয়, আধুনিক শিক্ষার দিক থেকেও এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।








