দ্য গোল্ডেন টাইম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫
অতসী মন্ডল, নতুন পয়গাম, কলকাতা:
চলচ্চিত্রের সৃজনশীলতাকে সম্মান জানাতে এবং নতুন প্রতিভাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আয়োজিত হল দ্য গোল্ডেন টাইম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। টানা তিন দিন ধরে চলচ্চিত্র, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে এই উৎসব পরিণত হয় এক শিল্পোৎসবে, যেখানে অংশ নেন কলকাতা এবং কলকাতার বাইরে থেকে নির্মাতা, শিল্পী এবং চলচ্চিত্রপ্রেমীরা।
নাট্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, তপন থিয়েটার–এ অনুষ্ঠিত হয় নির্বাচিত চলচ্চিত্রগুলোর স্ক্রিনিং। প্রতিটি প্রদর্শনী ঘিরে দর্শকদের উচ্ছ্বাস এবং নির্মাতাদের সঙ্গে মতবিনিময় উৎসবকে প্রাণবন্ত করে তোলে। উৎসবের জাঁকজমকপূর্ণ এওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয় মানিকতলা রামমোহন হলে, যেখানে সম্মানিত করা হয় প্রতিভাবান শিল্পী ও নির্মাতাদের।
উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত পরিচালক সুশান্ত পাল চৌধুরী এবং জনপ্রিয় অভিনেতা সন্দীপ দে। তাঁদের উপস্থিতি ও উৎসব সম্পর্কে শুভেচ্ছাবাণী অনুষ্ঠানে বিশেষ মর্যাদা যোগ করে। উৎসবের সার্বিক পরিচালক ও প্রোডাকশন হাউসের কর্ণধার অমিত ঘোষ সমাপনী আসরে বলেন – “চলচ্চিত্র গল্প বলে, আর সেই গল্পের মধ্যে মানুষ নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। আমরা চাই এই উৎসব এমন এক প্ল্যাটফর্ম হয়ে উঠুক, যেখানে প্রত্যেক নির্মাতা নিজের সত্যকে তুলে ধরতে পারে।” হাউসের প্রধান উপদেষ্টা শ্রীমতি মনোরমা ঘোষ বলেন— “শিল্পকে টিকিয়ে রাখতে ভালোবাসা ও সাহসের প্রয়োজন। এতগুলো তরুণ নির্মাতার চোখে আমি সেই সাহস দেখেছি। চলচ্চিত্র মানুষকে যুক্ত করে—এই উৎসব যেন সেই মানবিকতার আলো আরও দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারে, এটাই আমার আশীর্বাদ।”
মোট ৪৭টি ফিল্ম এবং মিউজিক ভিডিওকে পুরস্কৃত করা হল। বেস্ট মিউজিকাল শর্ট ফিল্ম নির্বাচিত হল শুভঙ্কর সাউয়ের ‘এ পুজো ভোরবেলাতে’। বেস্ট কমেডি ফিল্ম বিক্রমদেব সেনগুপ্তের ‘খুচরো টু’। ‘কাল রাত্রি’ ফিল্মে অভিনয়ের জন্য স্মৃতি ভট্টচার্য বেস্ট এক্ট্রেস এবং ‘প্রতিবিম্ব’ ফিল্মে অভিনয়ের জন্য নির্মাল্য বিশ্বাস বেস্ট এক্টর নির্বাচিত হল।








