ঘোষিত হল ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস, ফিফার শান্তি পুরস্কার ট্রাম্পকে
স্টাফ রিপোর্টার, নতুন পয়গামঃ
প্রকাশিত হয়ে গেল বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ গ্রুপবিন্যাস।
প্রত্যেক গ্রুপের সেরা ২ টি দল পৌঁছে যাবে নকআউট রাউন্ডে। একইসঙ্গে আটটা ‘সেরা তৃতীয় স্থান অধিকারী’ দলও পৌঁছে যাবে নকআউট রাউন্ডে। তারপর রাউন্ড অফ ৩২, রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।
শুক্রবার ওয়াশিংটনে হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের গ্রুপ বিন্যাস অনুষ্ঠান। গ্রুপ জে’তে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। গ্রুপ সি’তে জায়গা পেয়েছে ব্রাজিল। গতবারের রানার্স আপ ফ্রান্স থাকছে গ্রুপ আই’তে। ড্র উপলক্ষে কেনেডি সেন্টারে বসেছিল চাঁদের হাঁট। হাজির ছিলেন সিনিয়র রোনাল্ডো, রবার্তো বাজ্জিও, পেপের মতো প্রাক্তন ফুটবলার থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের প্রতিনিধি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফার তরফে শান্তি পুরস্কারে তাঁকে সম্মানিত করেন বিশ্ব ফুটবলের শীর্ষ নিয়ামক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
আসন্ন আসরে ৩২ দলের পরিবর্তে খেলবে ৪৮টি দেশ। তাই ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে দল গুলিকে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দেশ। ‘গ্রুপ অব ডেথ’ বলা হচ্ছে গ্রুপ আই’কে। কারণ ফ্রান্স ছাড়াও সেখানে রয়েছে সেনেগাল ও নরওয়ে। এছাড়াও সুযোগ পাবে প্লে-অফ ২’এর একটি দল। ক্রিশ্চিয়ানো রোনান্ডোর পর্তুগালের জায়গা হয়েছে গ্রুপ কে’তে। জার্মানি, স্পেন ও ইংল্যান্ড যথাক্রমে ই, এইচ এবং এল গ্রুপে রয়েছে। আর চ্যাম্পিয়ন আর্জেন্তিনার সঙ্গে থাকছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডন। গ্রুপ ডি’তে প্রধান আয়োজক আমেরিকার সঙ্গে রয়েছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও প্লে-অফ সি’র জয়ী দল। অন্যতম আয়োজক মেক্সিকো ও কানাডা রয়েছে যথাক্রমে গ্রুপ এ এবং বি’তে।
ইতিমধ্যেই সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে চলছে প্রাক্তনদের ভবিষ্যদ্বাণী। কেউ এগিয়ে রাখছেন স্পেনকে তো কেউ ঝুঁকে জার্মানির দিকে। কারও বাজি আবার গতবারের চ্যাম্পিয়ন অর্জেন্তিনা। এসবের মধ্যে নিজের মতামত রাখলেন অভিজ্ঞ কোচ আর্সেন ওয়েঙ্গার। তিনি জানান, ‘বিশ্বকাপে প্রতিবারই ভালো ফুটবল উপহার দেয় ইংল্যান্ড। কিন্তু নক-আউটে ধারাবাহিকতা বজায় রাখতে পারে না। সেই রেকর্ড বদলে এবার তারা বড় চমক দিতে পারে।’ সামান্য থেকে তাঁর সংযোজন ‘এই মুহূর্তে ফ্রান্সের মতো আক্রমণ ভাগ কোন দেশের নেই। কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলে, কোলো মুয়ানি, মার্কাস থুরামরা যেকোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারে। তাই তারা চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।’
ড্রয়ে অংশগ্রহণ করতে ওয়াশিংটন পৌঁছে গিয়েছিলেন আর্জেন্তিনার কোচ লায়োনেল স্কালোনি। দলের সেরা তারকা মেসিকে নিয়ে তাঁর মন্তব্য, ‘মেগা আসরে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত লিওই নেবে। এখনও অনেক সময় আছে। ক্লাব ফুটবলে ছন্দে রয়েছে। আশাকরি, ও সুস্থ থাকবে এবং সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবে।’
তাহলে কি আরও একবার কাপ উঠবে মেসির হাতে,নাকি বিশ্ব পাবে নতুন চ্যাম্পিয়ন?
কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেল।








