প্রকাশিত হল ‘গোপন আকাশ’ সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যা ২০২৫
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলি:
হুগলি জেলার বাঁশবেড়িয়া ভিত্তিক সাহিত্য সংস্থা ‘সাহিত্য অঙ্গন’-এর প্রকাশনা ‘গোপন আকাশ’ সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যা ২০২৫ সম্প্রতি প্রকাশিত হল। গত ১ নভেম্বর ব্যান্ডেল চার্চ সংলগ্ন পিপলস রিলিফ কমিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্রকাশনা অনুষ্ঠান।
গুরুভক্ত রাজবংশীর সুরেলা বাউল সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পত্রিকার সম্পাদনা করেছেন অরিন্দম মুখার্জি। উৎসব সংখ্যাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট গল্পকার ও শতানীক সাহিত্য ও সংস্কৃতি পত্রিকা-র সম্পাদক নিত্যরঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরম্পরা পত্রিকার সম্পাদক গৌতম দাস, সাহিত্য অঙ্গনের সভাপতি প্রীতি দাস বিশ্বাস, রবীন্দ্র-গবেষক অতনু কুমার বসু, বিশিষ্ট কবি ও সাহিত্য অঙ্গনের কার্যকরী সমিতির সদস্য তারাপ্রসাদ সাঁতরা, সাহিত্যকর্মী চন্দ্রনাথ শেঠসহ আরও অনেকে।
রীনা দত্তের দক্ষ সঞ্চালনায় পত্রিকা প্রকাশের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও গল্পকারেরা স্বরচিত কবিতা ও অনুগল্প পাঠ করেন। অনুষ্ঠানে গান এবং আবৃত্তি পরিবেশনায় সাংস্কৃতিক আবহে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।








