রাজ্যপালের ঘোষিত আর্থিক সহায়তা না মিলতেই রাজভবনের পথে চার শিশুর পরিবার
রৌশন আলম, নতুন পয়গাম, চোপড়া: চোপড়ার চার শিশু মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে রওনা দিলেন। ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে ট্রেনে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন সন্তানহারা পরিবারের সদস্যরা। তাঁদের দাবি—রাজ্যপালের ঘোষিত আর্থিক সহায়তা ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি।
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া চেতনাগছ গ্রামে কাঁটাতারের পাশের নালায় পড়ে মৃত্যু হয় চার শিশুর। অভিযোগ ওঠে সীমান্ত রক্ষী বাহিনীর গাফিলতির বিরুদ্ধে। ঘটনাটি তোলপাড় করে উত্তর দিনাজপুরসহ রাজ্য রাজনীতি। তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে টানা এক সপ্তাহ চলে অবস্থান বিক্ষোভ।
এই সময় রাজ্যপাল সিভি আনন্দ নিজে চোপড়ায় এসে শোকাহত পরিবারগুলির সঙ্গে দেখা করেন এবং প্রতিশ্রুতি দেন—প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং এক শিশুর পড়াশোনার খরচ ছয় মাস বহন করা হবে। কিন্তু দুই বছর পেরিয়েও সেই ঘোষিত সহায়তা পাননি কেউই।
সন্তানহারা জমিরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“প্রায় দুই বছর হতে চলেছে। আমরা ন্যায়বিচার পাইনি। রাজ্যপালের দেওয়া কোনও আশ্বাসই পূরণ হয়নি।”
আরও একবার ন্যায় ও প্রতিশ্রুতি পূরণের দাবিতে এবার তাঁদের লক্ষ্য—রাজভবন।








