তৃণমূল শিক্ষা সেলের নতুন কমিটি, দায়িত্বে সেই বহিষ্কৃত মইদুল-প্রীতমরাই
নতুন পয়গাম, কলকাতা:
প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সেলের নতুন কমিটি গঠনে ফের চমক দিল তৃণমূল কংগ্রেস। শনিবার এই কমিটি ঘোষিত হয়। যেখানে দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ডায়মন্ড হারবারের শিক্ষক মইদুল ইসলামকে প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি করা হয়েছে। একদা সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। একই সঙ্গে আর এক বহিষ্কৃত প্রীতম হালদারকে মাধ্যমিক শিক্ষা সেলের দায়িত্ব দেওয়া হল। যিনি প্রথমে সংগঠনের সভাপতি এবং পরে কার্যকরী সভাপতি হন। পরে দলবিরোধী কাজের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছিল।
প্রাথমিক শিক্ষা সেলের রাজ্য সভাপতি ছাড়াও রয়েছেন ছ’জন সহ-সভাপতি এবং ২০ জন রাজ্য সম্পাদক। এছাড়া প্রতি জেলায় আলাদা সভাপতি রয়েছেন। মাধ্যমিকে সহ-সভাপতির সংখ্যা মোট চার জন এবং সম্পাদক রয়েছেন ১৬ জন। পাশাপাশি রয়েছেন জেলা, মহকুমা, এমনকি বড় জেলার ক্ষেত্রে লোকসভা কেন্দ্রভিত্তিক সভাপতি। উল্লেখ্য, গত মাসে যেভাবে তৃণমূলের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া থেকে পুরো কমিটি বাতিল করা হয়েছিল, সেভাবেই এদিন নতুন কমিটি ঘোষণা করা হয়। এদিন অবশ্য তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’র রাজ্য কমিটি ঘোষণা করা হয়নি। এখানেও সহ-সভাপতি ছিলেন মণিশঙ্কর মণ্ডল। পরে দলবিরোধী কাজের অভিযোগে তাঁকেও বহিষ্কার করা হয়। তাই এবার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সেলের মতোই তাঁকেও পুনরায় পুরনো পদে ফেরানো হয় কিনা, তা নিয়ে জল্পনা চলছে।
আবার কলকাতাকেন্দ্রিক রাজ্য রাজনীতিতে দল ছেড়ে বিজেপিতে যোগদান করা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী বৈশাখী ব্যানার্জি গত সপ্তাহে তৃণমূলে ফিরিছেন। তাই বৈশাখীর নামও ওয়েবকুপার শীর্ষপদের জন্য গুঞ্জন শোনা যাচ্ছে। ইতিমধ্যেই সদ্য দলে ফেরা শোভনকে নিউটাউন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০১২ সালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দলের শিক্ষা সেলের চেয়ারম্যান করে এই সংগঠনগুলি তৈরি করেছিল তৃণমূল। তবে এবার নতুন পদাধিকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে শোনা যাচ্ছে।








