রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ আগামী বিধানসভা নির্বাচনে হুগলি জেলা সহ সারা বাংলায় তিরিশটিরও বেশি প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সদ্য আত্মপ্রকাশ করা প্রজাশক্তি পার্টি-সমদর্শী। আজ পার্টির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে সংকল্প পত্র প্রকাশ করে তাঁরা জানান, বর্তমান রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের জন্য কোন দিশা দেখাতে পারেনি। এই পরিস্থিতিতে সাধারণ নাগরিকরা চাইছে কোন বিকল্প। এই বিকল্প হিসেবেই প্রজাশক্তি পার্টি সমদর্শী আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা মনে করেন বর্তমানে বিরোধী রাজনৈতিক দলগুলি শক্তিশালী নয়।
বর্তমানে সারা রাজ্যে প্রায় পাঁচ হাজার পার্টি সদস্য নিয়ে পথ চলা শুরু করলেও আগামী দিনে তারা মানুষের পাশে থেকে বিরোধী ভূমিকা পালন করবে। প্রেস ক্লাব অফ হুগলির কার্যালয়ে প্রজাশক্তি পার্টি সমদর্শী’র কেন্দ্রীয় সম্পাদক অনিন্দ্য নন্দী, রাজ্য সম্পাদক অর্ঘ্য চট্টোপাধ্যায়, মুখপাত্র রণদৃপ্ত শীল এবং সায়ন মুখোপাধ্যায় একযোগে সংকল্প পত্র প্রকাশ করে জানান তাঁরা মূলত অর্থনীতি ও শিল্পায়ন, কৃষি ও কৃষক, স্বাস্থ্য , শিক্ষা, নারী ক্ষমতায়ন, পুরুষ অধিকার, পরিবেশ, খেলাধুলা, সুশাসন সমাজ ব্যবস্থা, সীমান্ত ও অভ্যন্তরীণ সুরক্ষা, সর্বোপরি বাংলা ও বাঙালির সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পার্টি মানুষের পাশে থাকবে। যদিও নির্বাচনকে সামনে করে রেখে তাঁরা রাজনৈতিক আসরে নামতে চলেছে, কিন্তু তাদের প্রধান লক্ষ্যই হলো শিক্ষা ও কর্মসংস্থানের জন্য মানুষের পাশে থাকা।








