জিএসটি-র কৃতিত্ব রাজ্যের: মমতা
নতুন পয়গাম, কলকাতা, ২১ সেপ্টেম্বর:
আজ সোমবার ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চালু হচ্ছে নতুন জিএসটি হার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর কৃতিত্ব দাবি করে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে তীব্র কটাক্ষ করে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলো। এদিন কলকাতায় পুজো মণ্ডপের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মোদিকে তোপ দেগে বলেন, জিএসটি নিয়ে এত লাফালাফি করলেও আসল কৃতিত্ব রাজ্যের। ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনও কৃতিত্ব বা অবদান নেই।
মুখ্যমন্ত্রী তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, ‘কাটল টাকা আমাদের, আর প্রচার হচ্ছে ওঁদের।’ শুধু তাই নয়, একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে বলেও এদিন উল্লেখ করে মমতা বলেন, রাজ্যকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। কেন্দ্র সরকারের রিপোর্টে পশ্চিমবঙ্গ এগিয়ে থাকলেও মিথ্যা অজুহাতে টাকা বকেয়া রাখা হচ্ছে, আর যেসব ডাবল ইঞ্জিন রাজ্য কেন্দ্রের তালিকায় পিছিয়ে রয়েছে, তাদের সব পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়া হচ্ছে। বাংলার সঙ্গে এই বৈষম্য, বিদ্বেষ ও বিমাতৃসুলভ আচরণ মানুষ বেশিদিন বরদাস্ত করবে না।
মুখ্যমন্ত্রী আরো বলেন, বিমা থেকে জিএসটি তুলে নিতে প্রথমে আমিই চিঠি লিখেছিলাম। তাই এর কৃতিত্ব সম্পূর্ণ রাজ্যের। ওদের নীতি হল, জিরেতে কর আর হীরে কর-মুক্ত। এজন্য রাজ্যের রাজস্ব লোকসান হচ্ছে ৯০০ কোটি টাকা। বাদ বাকি সব মিলিয়ে প্রায় ২০ হাজার কোটি টাকার কাছাকাছি রাজস্ব ক্ষতি হচ্ছে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে। কিন্তু এজন্য কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না।








