বিশ্বের ১৬ শতাংশ ভূমির মালিক ব্রিটিশ রাজপরিবার
নতুন পয়গাম, লন্ডন,
১৯ সেপ্টেম্বর: ধূ ধূ মাঠ-ময়দান, বিশাল বন-জঙ্গল, বিস্তৃত সমুদ্র সৈকত, শহরাঞ্চলে বড় বড় প্রপার্টি – আরো কতকিছু, সবই তাদের সম্পত্তি। তথ্য বলছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব দিকে ছড়িয়ে রয়েছে তাদের মালিকানাধীন জমি-জায়গা। বিশ্বের সবচেয়ে বড় ল্যান্ডলর্ড বলা হয় তাদেরকে। বিশ্বের ১৬ শতাংশ জমির মালিকানা তাদের। আয়তনে ব্রাজিলের তিনগুণ। আর এই বিশাল জমি, সম্পত্তি দেখভাল করে তাদেরই সংস্থা ক্রাউন এস্টেট। এক সময় অর্ধেক দুনিয়া মাথা নত করত এই পরিবারের সামনে।
প্রথমেই বলা যাক, এই বিপুল সম্পত্তির মালিক যে পরিবার, তারা মূলত একটি রাজপরিবার এবং বিশ্বের দরবারে বহুল আলোচিত-পরিচিত। এক সময়ে প্রায় অর্ধেক বিশ্ব মাথানত করত তাদের কাছে, বহু দেশ তাদেরকে নিজেদের রাজা মনে করত।
কথা হচ্ছে, ব্রিটেনের রাজ পরিবার নিয়ে। ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস এবং ব্রিটিশ রাজপরিবার এখন এই বিপুল সম্পত্তির মালিক। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর, বংশানুক্রমে সম্পত্তির মালিকানা আসে রাজা তৃতীয় চার্লসের হাতেই। যদিও এই বিপুল সম্পত্তি তার ব্যক্তিগত নয়। এই সম্পত্তি সমগ্র রাজপরিবারের। তবে তিনি যতদিন রাজার আসনে থাকবেন ততদিন মালিকানাধীন তারই। একাধিক আন্তর্জাতিক সমীক্ষার তথ্য বলছে, রাজা তৃতীয় চার্লস বিশ্বজুড়ে ৬.৬ বিলিয়ন একর জমি এবং সম্পত্তির মালিক।
বিশ্বের মোট ১৬.৬ শতাংশ জমি ব্রিটিশ রাজপরিবারের। এই জমিগুলো গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, কানাডা-সহ বহু দেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ১ লক্ষ ১৫ হাজার একর জমির মধ্যে রয়েছে কৃষিজমি এবং বনাঞ্চল। উল্লেখ্য, সম্পত্তির হিসাবের নিরিখে ব্রিটিশ রাজপরিবারের পরেই আছেন সৌদি আরবের বাদশাহ, যিনি ব্যক্তিগতভাবে বিশাল সম্পত্তির মালিক।








