প্রবল স্রোতে ভেসে গেল চিলারঘাটের বাঁশের সেতু, বিচ্ছিন্ন পাঁচ গ্রাম
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
এক টানা বৃষ্টিতে প্রবল জলে স্রোতে ভেসে যাচ্ছে বাসের সেতু, আর সেই ভেসে যেতে থাকা যাতায়াতের একমাত্র মাধ্যম বাশের সেতু বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন গ্রামবাসীরা। দড়ি দিয়ে বাসের সেতু বাঁচানোর চেষ্টা চলছে। ভয়ংকর দৃশ্য দেখা গেছে ধূপগুড়িতে।
ধূপগুড়ি মহকুমার বানারহাটের সাকোয়াঝোরা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিলারঘাট এলাকার বাশের সেতু। ডুডুয়া নদীর উপর প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের এই বাশের সেতুটি স্থানীয়দের একমাত্র যাতায়াতের পথ ছিল। কয়েকজন গ্রামবাসী সেতুটি পেরোচ্ছিলেন, ঠিক সেই সময় আচমকা বাড়তে থাকা জলের প্রবল স্রোতে পুরো সেতুটি ভেসে যায়।
সেতুটি ভেসে যাওয়ার ফলে চিলারঘাটসহ অন্তত পাঁচটি গ্রামের সঙ্গে ধূপগুড়ি শহরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপাতত স্থানীয়ভাবে নৌকা নামিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, তবে সেটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বাসিন্দারা।








