আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে সারা রাজ্য বঙ্গীয় সাহিত্য সম্মেলন ২০২৫
আব্দুল গফফার, নতুন পয়গাম, কলকাতাঃ
শুরু হয়ে গেল রাজ্যস্তরের সাহিত্য সম্মেলনের প্রস্তুতি। আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর দুই দিনের সারা রাজ্যের নিভৃতচারী সাহিত্যসেবিদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গীয় সাহিত্য সম্মেলন ২০২৫। প্রসঙ্গত রাজ্যের উদীয়মান ও নিভৃতচারী লেখকদের সাহিত্যের অঙ্গনে নিয়ে আসার জন্য দীর্ঘ পাঁচ বছর ধরে অনুসন্ধানের কাজ করে চলেছে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট। তাদেরই উদ্যোগে অনুষ্ঠিত হবে সাহিত্য সম্মেলন। রবিবার এই উপলক্ষ্যে কলকাতার ত্রিপুরা হিতসাধনী সভাগৃহে অনুষ্ঠিত হল। এদিন সম্মেলনকে সার্বিকভাবে সফল করতে উপস্থিত ট্রাস্টের সদস্যেরা তাঁদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। পাশাপাশি কবি রাফিয়া সুলতানা’র কি মজারে ভাই একটি ছড়ার বই সহ বেশ কটি সাহিত্য পত্রিকা প্রকাশ করা হয়।
ট্রাস্টের সম্পাদক রুহুল আমিন জানিয়েছেন সম্মেলন উপলক্ষ্যে ইতিমধ্যে একটি স্মারক সংখ্যা, নারী ভাবনা সংখ্যা ও সাহিত্যিক ডাইরেক্টরির সংশোধিত ও পরিমার্জিত সংস্করণের কাজ চলছে। একই সঙ্গে সারা রাজ্য জুড়ে শিশু কিশোর প্রতিভা সন্ধানেরও কাজ চলছে যাদের মধ্যে বেশ কিছুজনকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলে তিনি জানিয়েছেন। এদিনের সভায় সভাপতিত্ব করেন ডাঃ শামসুল হক। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কামাল হোসেন।
উল্লেখ্য প্রস্তুতি সভার মধ্যেই সাহিত্য অনুষ্ঠানও চলে। সেখানে অংশ নেন কবি সেখ আনিসুর রহমান, সৈয়দা বেনজির আসরার, সৈয়দ হাস্নে আরা, রাফিয়া সুলতানা প্রমুখ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ট্রাষ্টের কলকাতা জেলা সভাপতি আশিফ শাহ, ট্রাস্টের সহ সম্পাদিকা মুস্তারি বেগম, কবি প্রাবন্ধিক ও সাংবাদিক আব্দুল গফফার, শিক্ষাভাবুক ও সাংবাদিক হাসিম আব্দুল বরকতি, লেখক ও কলামিস্ট সোনা বন্দ্যোপাধ্যায়।









