কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন
নতুন পয়গাম, রহমতুল্লাহ, সাগরদিঘী: সাগরদিঘী ব্লকের কাবিলপুর হাই স্কুলে বুধবার উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠা দিবস। দিনভর নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে স্কুল চত্বর মুখরিত হয়ে ওঠে। ১৯৮০ সালে শুরু হয়েছিল স্কুলের পথ চলা, ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীতসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের বিশেষভাবে মুগ্ধ করে।
এদিন জয়নাল আবেদীন স্মারক বক্তৃতা দেন মদন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান সহ নূর মহম্মদ, জিল্লুর রহমান, মঙ্গল চন্দ্র দাস-সহ আরও বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন মুর্শিদ সারওয়ার জাহান ও আব্দুর রউফ। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।








