কালিয়াচকের জালালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৬
আবু রাইহান
নতুন পয়গাম, মালদা:
শনিবার দুপুর প্রায় ১২টা নাগাদ কালিয়াচক থানার জালালপুর এলাকায় জাতীয় সড়ক ১২ নম্বরে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, জালালপুর স্ট্যান্ডে যাত্রীসহ একটি টোটো দাঁড়িয়ে ছিল। সেই সময় বালুয়াচারা থেকে ফাতেখানি হাই মাদ্রাসায় পরীক্ষা দিতে বাইকে করে যাচ্ছিলেন এক ছাত্রী। জাতীয় সড়ক পার হওয়ার সময় কালিয়াচকগামী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় বাইকচালক ও ছাত্রী ছিটকে পড়েন এবং ভ্যানটি দাঁড়িয়ে থাকা টোটোকেও আঘাত করে।
ফলে গুরুতর আহত হন টোটো চালক, যাত্রীরা এবং বাইক আরোহীরা। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে দুইজনকে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও চারজনকে সুজাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে রয়েছেন—আমিনুল সেখ (৩৬), মাইনুল সেখ (৬০), সাবিদা খাতুন (১৬, পরীক্ষার্থী), রাশিদুল সেখ (১৮) ও দুই শিশু।
খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগ, জাতীয় সড়ক ১২-তে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যা স্থানীয়দের আতঙ্ক বাড়াচ্ছে।








