লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক দোকান
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মন্দিরবাজার: আনন্দপুরের অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় ফের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এল। লক্ষীকান্তপুর এলাকার বিজয়গঞ্জ বাজারে মঙ্গলবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক দোকান। ঘটনায় গোটা বাজার চত্বরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের একটি অংশ থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। আতঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন তড়িঘড়ি দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে বাজারের একাধিক দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালপত্র আগুনে পুড়ে নষ্ট হয়েছে।
প্রাথমিকভাবে দমকল সূত্রে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকেই দোকান থেকে কোনও সামগ্রী উদ্ধার করার সুযোগ পাননি। বহু ব্যবসায়ীর দীর্ঘদিনের সঞ্চিত পুঁজি মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও, গোটা এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে মন্দিরবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি দমকল বিভাগও তাদের নিজস্ব রিপোর্ট প্রস্তুত করছে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।








