কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
নতুন পয়গাম, আবু রাইহান, কালিয়াচক: মালদা জেলার কালিয়াচক থানার সিলামপুর ২ গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুরে রবিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, আনুমানিক বিকেল তিনটা নাগাদ একটি তুলার কারখানায় হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। আগুনের গ্রাসে পড়ে কারখানার ভেতরে থাকা একটি চার চাকা পিকআপ ভ্যান সম্পূর্ণভাবে পুড়ে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানার ভিতরের তুলা ও অন্যান্য সামগ্রী। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে বিশেষ সাফল্য মেলেনি। ঘটনার প্রায় এক ঘণ্টা পরে ইংরেজবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি সামাল দিতে পরে আরও একটি ছোট দমকল ইঞ্জিন ডাকা হয়। বিকেল পাঁচটা পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, কালিয়াচক বা মোথাবাড়ি এলাকায় যদি স্থায়ী দমকল কেন্দ্র থাকতো, তাহলে দ্রুত আগুন নেভানো সম্ভব হতো এবং এত বড় ক্ষয়ক্ষতি এড়ানো যেত। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দমকল ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।








