নদীয়ায় চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
নতুন পয়গাম, আদি মোল্লা, নদীয়া:
রানাঘাট ও চাকদহের মধ্যবর্তী ১২ নম্বর জাতীয় সড়কে চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সোমবার। আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায় গোটা বাসটি। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, বাসটিতে থাকা তেলের ট্যাংকির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তার পরই বিস্ফোরণের মতো শব্দ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখে আতঙ্কে চিৎকার করতে করতে বাস থেকে নেমে আসেন যাত্রীরা। যাত্রীদের তৎপরতার জন্য বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। বহু চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি উদ্ধারকাজে নামে স্থানীয় মানুষ ও পুলিশ মিলিয়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে দেয় পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানা পুলিশ। বাসে আগুন লাগার কারণ হিসেবে মোটরসাইকেল সংঘর্ষকে প্রাথমিকভাবে সন্দেহ করা হলেও, অন্য কোনও ত্রুটি ছিল কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।








