বোলপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা – শিশুর মৃত্যু, আহত অন্তত ৩০
নতুন পয়গাম, বোলপুর, বীরভূম:
দুর্গাপুজোর উৎসবমুখর আবহে সোমবার ভোরে বোলপুর সিয়ান হাসপাতাল সংলগ্ন রাস্তায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মৃত্যু হয় এক শিশুর, গুরুতর জখম হন অন্তত ৩০ জন যাত্রী। মুহূর্তের মধ্যে আনন্দের শহর জুড়ে নেমে আসে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে ছড়িয়ে পড়ে চিৎকার আর কান্নার আর্তনাদ। বহু যাত্রী জানলার কাঁচ ভেঙে বাইরে ছিটকে পড়েন। রক্তাক্ত দেহ মাটিতে ছড়িয়ে থাকতে দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে যান স্থানীয়রা।
আহতদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরই স্থানীয় মানুষ ও পুলিশ মিলে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। প্রথমে আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে গুরুতরদের স্থানান্তর করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।
পুলিশ সূত্রে খবর, বাসটি কীর্ণাহার থেকে বোলপুরগামী ছিল। অভিযোগ, বেপরোয়া গতিতে চলার সময় একটি গর্তে চাকা আটকে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টে রাস্তার ধারে থাকা একটি টোটোকে সজোরে ধাক্কা মারে। টোটো চালক লাফ দিয়ে প্রাণে বাঁচলেও গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার জেরে বোলপুর-নানুর রোডে ব্যাপক যানজট সৃষ্টি হয়। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ক্রেনের সাহায্যে উল্টে থাকা বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তায় গর্ত থাকলেও প্রশাসন কোনো মেরামতির উদ্যোগ নেয়নি। প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও নজর দেওয়া হয়নি। তাঁদের দাবি, প্রশাসনের এই গাফিলতিই শিশুর মৃত্যুর জন্য দায়ী।
শিশুর মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবার, আহতদের নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন গ্রামবাসী। দুর্গাপুজোর আনন্দমুখর পরিবেশে এই মর্মান্তিক ঘটনা গোটা এলাকায় গভীর দুঃখের ছায়া ফেলেছে।








