ভাঁড়ারে টান, শান্তিরক্ষী কমাচ্ছে রাষ্ট্রসংঘ
নতুন পয়গাম, নিউ ইয়র্ক:
বিশ্বের নয়টি অঞ্চলের শান্তি রক্ষা মিশন থেকে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী বাহিনী কমিয়ে আনতে যাচ্ছে রাষ্ট্রসংঘ। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় তহবিল ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাষ্ট্রসংঘের কর্মকর্তা বলেন, তহবিল কমানোর ফলে ১৩ থেকে ১৪ হাজার সামরিক ও পুলিশ সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।
এদিকে ২০২৫-২৬ সালে রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা মিশনে মোট বাজেট ছিল ৫৪০ কোটি ডলার। এর মধ্যে অনুদান হিসেবে ১৩০ কোটি ডলার দেওয়ার কথা ছিল আমেরিকার। কিন্তু ট্রাম্প প্রশাসন রাষ্ট্রসংঘকে জানিয়েছে, তারা বাজেটের অর্ধেক, অর্থাৎ প্রায় ৬৮ কোটি ২০ লাখ ডলার দেবে। আমেরিকার পর শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশি অনুদান দেয় চীন, প্রায় ১২০ কোটি ডলার।
ট্রাম্প দীর্ঘদিন ধরে বলে চলেছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তাদের দেশের কাছ থেকে সুযোগ নিচ্ছে। জানুয়ারি ২০২৫-এ দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বিদেশি সহায়তায় ব্যাপক কাটছাঁট করছেন তিনি। এদিকে, রাষ্ট্রসংঘ সূত্রে খবর, ১১টি মিশনের ৯টিতে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমানো হবে। বর্তমানে কঙ্গো, লেবানন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, পশ্চিম সাহারায় এই মিশন কাজ করছে।








