বিদ্যুৎ বিভ্রাটে ধূপগুড়ি গ্রামে রাতভর উত্তেজনা
নতুন পয়গাম, ধূপগুড়ি:
ভারত–পাকিস্তান ম্যাচের দিন বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে ধূপগুড়ি মহকুমার সাকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিকশোভা জ্যোতিষ কলোনি গ্রামে তীব্র উত্তেজনা তৈরি হয়। দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যায় অতিষ্ঠ গ্রামবাসীরা রবিবার রাতভর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, লো-ভোল্টেজ আর ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া যেন রোজকার ঘটনা। রবিবার সকাল থেকেই পুরো গ্রাম অন্ধকারে ডুবে থাকায় বহুবার দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও কোনও সমাধান মেলেনি। বিশেষ করে ভারত–পাকিস্তান ম্যাচের দিন খেলা দেখতে না পেরে ক্ষোভ আরও বাড়ে।
রাতের দিকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গ্রামে পৌঁছে জানান, ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, তাই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ফিরবে না। রাতেই ট্রান্সফরমার বদলানোর দাবিতে গ্রামবাসীরা তাঁদের ও গাড়ি আটকে দেন।
বিক্ষোভকারীদের একাংশের বক্তব্য, “দপ্তরের উদাসীনতার কারণে বহু প্রতীক্ষিত ম্যাচটিও দেখতে পারিনি।” বিদ্যুৎকর্মী অনুপ কুমার সরকার বলেন, “লাইন ঠিক করতে এসেই দেখি ট্রান্সফরমার বিকল। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি; নতুন ট্রান্সফরমার সোমবার বসানো হবে বলে জানানো হয়।”
অবশেষে ভোররাতের দিকে ট্রান্সফরমারের ত্রুটি মেরামত হওয়ার পর মুক্তি পান আটকে পড়া কর্মীরা। ঘটনাটি ঘিরে সমগ্র এলাকায় চাঞ্চল্য ও আলোড়ন তৈরি হয়েছে।








