বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: বালিভর্তি ট্রাক ও ডাম্পারের চলাচল বন্ধের দাবিতে রাতভর বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে জেলার সোনামুখী থানার অন্তর্গত পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের ভাগলুই গ্রামে। স্থানীয়দের অভিযোগ, গ্রামের ভিতর দিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা তাঁদের একমাত্র প্রধান যোগাযোগের মাধ্যম। এই রাস্তা দিয়েই গ্রামবাসীদের শহরে যাতায়াত করতে হয়। ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ী ও প্রবীণ নাগরিক– সবার দৈনন্দিন চলাচলের জন্য পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই রাস্তা দিয়ে নিয়মিত বালিভর্তি ট্রাক ও ডাম্পার চলাচল শুরু হওয়ায় এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে।
গ্রামবাসীদের দাবি, ভারী যান চলাচলের ফলে ইতিমধ্যেই রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়েছে এবং ছোট শিশু ও বয়স্কদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে বালির গাড়ি আটকে দেন এবং রাতে যাতে আর কোনও ট্রাক গ্রামে ঢুকতে না পারে, সেজন্য রাতভর পাহারার ব্যবস্থা করেন। রমজান মাস চলায় রোজাদার সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারাও এই পাহারায় অংশ নেন বলে জানা গেছে। খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীদের সঙ্গে বচসা বাধে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের লিখিতভাবে বিষয়টি জেলা প্রশাসনের কাছে জানাতে অথবা থানায় বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি বলেন, এলাকাবাসীর দাবি যথার্থ। তাঁর বক্তব্য, এভাবে গ্রামের রাস্তা দিয়ে বালিভর্তি ভারী যান চলাচল করলে রাস্তা দীর্ঘদিন টিকবে না এবং যেহেতু এটি এলাকাবাসীর একমাত্র যোগাযোগপথ, তাই বালি পরিবহনের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন।








