ভাঙড়ে তৃণমূল নেতার গাছ কাটার অভিযোগে উত্তেজনা, অভিযোগের তীর আইএসএফ এর দিকে
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল ভাঙড়ে। চালতাবেড়িয়ায় এক কৃষকের কলাগাছ কেটে দেওয়ার ঘটনার পর এবার ভাঙড়ের নওয়াবাদ এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার একাধিক গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ২ নং ব্লকের পোলেরহাট ১ নম্বর অঞ্চলের ৮৯ নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি বাকিবুল্লা মোল্লার বেশ কয়েকটি লম্বু গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনার পেছনে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর ভূমিকা রয়েছে বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। তিনি অভিযোগ করেন, “আইএসএফ হিংসার রাজনীতি করছে। এলাকায় শান্তি নষ্ট করতেই পরিকল্পনা করে এই কাজ করছে তারা।”
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। দলের নেতা রাইনুর হক জানিয়েছেন, “আমরা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত নই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনা ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে।








