আমবাড়ি চা-বাগানে উত্তেজনা, ম্যানেজারকে ঘেরাও চলছে শ্রমিকদের বিক্ষোভ
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়িঃ
শীতকালীন নিয়ম অনুযায়ী ১ ডিসেম্বর থেকে এক বেলা কাজ চালুর দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বানারহাট ব্লকের আমবাড়ি চা-বাগানে। নির্ধারিত সময়ের এক বেলা কাজ শেষ করে পাতা ওজন করাতে আসতেই শ্রমিকদের দুই বেলা বা পূর্ণ ৮ ঘণ্টা কাজের নির্দেশ দেয় বাগান ম্যানেজমেন্ট। এর প্রতিবাদে শ্রমিকরা ম্যানেজারের অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাহিনী, নামানো হয়েছে র্যাফ। ঘটনা তলে রয়েছেন ধূপগুড়ি মহাকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা। খবর লেখা পর্যন্ত ম্যানেজারকে অফিসে আটকে রেখে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল।
চা-বাগান সূত্রে জানা যায়, শীতে পাতা কম থাকায় প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শ্রমিকদের এক বেলা কাজ করানো হয়। মার্চের পর ফের দুই বেলা কাজ শুরু হয়। কিন্তু এ বছর প্রথম দিন থেকেই শ্রমিকদের পূর্ণ সময় কাজের নির্দেশ দেওয়াতেই দ্বন্দ্ব চরমে ওঠে।








