বোনাস ও বকেয়া মজুরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়ি:
পুজোর দিন যত ঘনিয়ে আসছে, ডুয়ার্সের চা বলয়ে ততই বাড়ছে উত্তেজনা। বোনাস ও বকেয়া মজুরির দাবিতে বুধবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে ওদলাবাড়ির মিনা মোড়। জাতীয় সড়ক ১৭ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বাগ্রাকোট চা বাগানের শ্রমিকরা। এর ফলে মালবাজার থেকে শিলিগুড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ যানবাহন চলাচল ব্যাহত হয়।
প্রায় ২,৭০০ শ্রমিক কর্মরত এই বাগানে। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার ইতিমধ্যেই ২০ শতাংশ বোনাস দেওয়ার নির্দেশ দিলেও বাগান কর্তৃপক্ষ সেই নির্দেশ মানছে না, বরং মাত্র ৮.৩৩ শতাংশ বোনাস দিয়ে দায় সেরেছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি দেওয়া হচ্ছে না, ফলে পুজোর মুখে চরম আর্থিক সংকটে পড়েছেন শ্রমিকরা।
এক শ্রমিকের কথায়, “সংসার চালানোই যখন দায়, তখন পুজোর নতুন জামাকাপড় স্বপ্নমাত্র। প্রতিবছরই কর্তৃপক্ষ নানা প্রতিশ্রুতি দেয়, যা পরে মিলিয়ে যায়। এবার আর ছাড় নয়।”
বিক্ষোভকারীরা জানান, লিখিতভাবে পূর্ণ বোনাস ও বকেয়া মজুরি মেটানোর প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। ঘটনাস্থলে মালবাজার থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছলেও শ্রমিকদের অবস্থান বদলাতে পারেনি।
শ্রমিক নেতাদের অভিযোগ, “চা বাগানে বছরের পর বছর শ্রমিকদের ন্যায্য অধিকার বঞ্চিত করা হচ্ছে। বোনাসে কাটছাঁটের প্রবণতা বন্ধ হওয়া উচিত। রাজ্যের নির্দেশকে অবজ্ঞা করে চলতে পারে না কোনও বাগান।”
ডুয়ার্সের একের পর এক চা বাগানে এভাবে আন্দোলন ছড়িয়ে পড়ায় উৎসবের মরসুমে প্রশাসনের উদ্বেগও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু হয়েছে। তবে শ্রমিকদের স্পষ্ট বার্তা — লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না।








