রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিতে অঙ্গীকারবদ্ধ তামাদ্দুন শিল্পী গোষ্ঠী
নতুন পয়গাম:
বিশ্বজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যখন অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, উত্তাল ও উদ্দাম নাচ, মদের ফোয়ারা, উন্মত্ততার সংস্কৃতি ছড়িয়ে পড়ছে, যখন ভারতীয় সংস্কৃতিকে দূরে সরিয়ে অশ্লীল পশ্চিমা সংস্কৃতি অবলম্বনের প্রতিযোগিতা চলছে, তখন সুস্থ, রুচিশীল ও শিক্ষামূলক বিনোদন উপহার দেওয়ার অঙ্গীকার করছে তামাদ্দুন শিল্পীগোষ্ঠী। সংস্কৃতি প্রতিফলিত করে সামাজিক জীবনে লুকিয়ে থাকা হাসি, কান্না, অনুভূতির গল্প। সংস্কৃতি আনে মনস্তাত্ত্বিক বিপ্লব, আবার কখনও তা পরিবর্তন আনে সমাজের প্রথাগত ভাবধারায়। নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক চর্চা গড়ে তোলে সুস্থ সমাজ।
তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে একঝাঁক তরুণের উপস্থিতিতে ‘জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল’ নামে এক ব্যতিক্রমী সুস্থ ও রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠানের লোগো উন্মোচন হল। রবিবার উত্তর ২৪ পরগনা জেলার কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন গোপালপুরে এই ঘরোয়া অনুষ্ঠান হয়। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট ব্যাতিক্রমী কালচারাল ফেস্টিভ্যাল। সেই অনুষ্ঠানকে সামনে রেখেই এদিনের গেট টুগেদারে উপস্থিত হয় বেশ কিছু সিনিয়র সাংস্কৃতিক ব্যক্তিত্বের পাশাপাশি একঝাঁক তরুণ ও শিশু শিল্পী।

এ প্রসঙ্গে এসআইও উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি জুবাইর আহমদ বলেন, “সংস্কৃতি ও বিনোদন জীবনের এক অন্যতম অংশ। দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে দূরে সরিয়ে পরিবার, পরিজন, বন্ধুবান্ধব সকলকে নিয়ে উপভোগ করার জন্য একটি সুস্থ-রুচিশীল সাংস্কৃতিক পরিমণ্ডল উপহার দিতে চলেছে তামাদ্দুন শিল্পীগোষ্ঠী। আমরা চাই অশ্লীল অপসংস্কৃতির বিরুদ্ধে শিক্ষামূলক সংস্কৃতির প্রসার ঘটাতে।”
এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসআইও রাজ্য সাংস্কৃতিক সম্পাদক আজম হোসেন খান, জামাআতে ইসলামীর মেট্রো সিটির মহিলা বিভাগের প্রেসিডেন্ট মাহফুজা খাতুন, বিশিষ্ট নাট্যকার তাজউদ্দিন আহমেদ, থার্ড আই প্রোডাকশন হাউসের কর্মকর্তা আজিজুল ইসলাম-সহ একাধিক সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। সেই সাথে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরাও এই অনুষ্ঠানে যোগদান করেন।








