চিকেন নেক সীমান্তে নজরদারি বাড়ছে
নতুন পয়গাম, শিলিগুড়ি:
মূলত দুই নিকটত্ম প্রতিবেশী দেশ নেপাল ও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে চিন্তিত ভারত সরকার। তাই দেশের অভ্যন্তরীন নিরাপত্তার কথা বিশেষভাবে বিবেচনা করে চিকেন নেক সংলগ্ন সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট প্রতিটা সীমান্তে আরো কড়া নজরদারির নির্দেশ জারি করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর তরফে।

এ ব্যাপারে শনিবার শিলিগুড়িতে সেন্ট্রাল আইবি-র সদরে এক জরুরি বৈঠক হয়। সেখানে বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, আরপিএফ, সেনা, বায়ু সেনা, কেন্দ্রীয় সড়ক কর্তৃপক্ষ, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্স, রাজ্য পুলিশ ও রাজ্য গোয়েন্দা বিভাগ, জিআরপি-সহ একাধিক নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থার আধিকারিকরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে চিকেন নেকের নিরাপত্তা ও সীমান্ত এলাকায় নজরদারি দ্বিগুণ করার সিদ্ধান্ত হয় এবং সেই মতো নির্দেশও জারি করা হয়েছে।

এদিনের হাই প্রোফাইল সিকিওরিটি বৈঠকে প্রতিটি সংস্থা নিজেদের নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত প্রস্তাব ও পরামর্শ রাখে। তার ভিত্তিতে উত্তরবঙ্গের বেশকিছু জাতীয় সড়ক ও সেতু, রেল ব্রিজ এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে নজরদারি বাড়াতে বলা হয়েছে। উল্লেখ্য, গত দু’মাসে নেপাল সীমান্ত থেকে ৪১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। এছাড়াও পাকিস্তান এমনকী আমেরিকান নাগরিককেও এই সীমান্তে গ্রেফতার করা হয়েছে।








