আদালতে আত্মসমর্পণ, জামিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার
নতুন পয়গাম, কলকাতা, ৬ সেপ্টেম্বর:
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র বিশেষ আদালতে আত্মসমর্পন করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার ইডি’র তরফে মন্ত্রীকে হেফাজতের আবেদন জানানো হলেও বিচারক তাকে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। তবে আদালত সূত্রে খবর, জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না মন্ত্রী। পাশাপাশি তাঁকে তদন্তের কাজে সবরকম সহযোগিতা করতে হবে। যত দিন এই মামলার শুনানি শেষ না হচ্ছে, তত দিন এই নির্দেশ মানতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে।
উল্লেখ্য, মন্ত্রী চন্দ্রনাথের বিরুদ্ধে আদালতে ইডি চার্জশিট জমা দেয় আগস্ট মাসের প্রথমদিকে।
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। তার পর থেকে একাধিক বার চন্দ্রনাথকে তলব করে ইডি। বার দুয়েক এড়িয়ে যাওয়ার পর মাত্র কয়েকেদিন আগে তদন্তকারী সংস্থার মুখোমুখি হন চন্দ্রনাথ। আত্মপক্ষ সমর্থনে এ সংক্রান্ত বিভিন্ন নথিও তিনি জমা দিয়েছেন। তারপরেও কারামন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে।








