সিউড়িতে স্বাধীনতা দিবস উদযাপন
খান সাহিল মাজহার, নতুন পয়গাম, সিউড়ি: বীরভূম জেলার সিউড়িতে শুক্রবার ১৫ আগস্ট দেশের ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হল সাড়ম্বরে, দেশপ্রেম ও আনন্দোৎসবের মধ্য দিয়ে। এদিন সকাল থেকেই শহর জুড়ে ছিল উৎসবের রঙ, সর্বত্র জাতীয় পতাকার রঙে সেজে উঠেছিল রাস্তাঘাট, সরকারি ভবন ও নানা প্রতিষ্ঠান। স্বাধীনতার গৌরবময় ইতিহাস স্মরণ করে মানুষ একত্রিত হন এই দিনটিকে বিশেষভাবে পালন করার জন্য।
সিউড়ি জেলা পরিষদ কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সভাপতি কাজল শেখ। উপস্থিত অতিথি ও জেলাবাসীর ‘জয় হিন্দ’ স্লোগান ও করতালিতে মুখরিত হয় পরিবেশ। স্বাধীনতার তাৎপর্য ও দেশপ্রেমের মূল্য বিষয়ে বক্তব্য রাখেন তিনি। এই বিশেষ দিনে জেলার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় দুই বিশিষ্ট ব্যক্তিকে। তাঁরা হলেন লোকগীতি শিল্পী স্বপ্না চক্রবর্তী, যিনি তার কণ্ঠের মাধ্যমে বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন এবং সর্প-বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস, যিনি দীর্ঘদিন ধরে জনসচেতনতা ও প্রাণীবিজ্ঞান নিয়ে কাজ করে চলেছেন। তাঁদের হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা স্মারক ও উপহার।
সিউড়ি ডিএম অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। জাতীয় সঙ্গীতের সুরে আকাশ-মাটি মুখরিত হয়। জেলার প্রশাসনিক কর্তারা, পুলিশ বিভাগ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ মিলেমিশে এই আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন। এছাড়াও এদিনও আয়োজিত হয় নানা সাংস্কৃতিক কর্মসূচি, দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি, নাটক ইত্যাদি। শিশুদের অংশগ্রহণে এসব অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আবেগঘন।








