গ্রুপ-সি, ডি নিয়োগে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট
নতুন পয়গাম, নয়াদিল্লি:
এসএসসি-র মাধ্যমে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগের সময়সীমা সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। সোমবার একথা জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। উল্লেখ্য, এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা হলেও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি। কবে হবে, তারও কোন ইঙ্গিত নেই। এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা।
বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এদিন বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলে যদি নতুন কোনও বিষয় উঠে আসে, তা নিয়ে মামলা করা যেতে পারে। তবে এই আদালত সেই শুনানি করবে না। আগে হাইকোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টের আগের নির্দেশে ২০১৬ সালের প্যানেল বাতিল করা হয়েছে। ফলে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগের সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই মতো সেপ্টেম্বর মাসে পরপর দুটো রবিবার পরীক্ষাও হয়েছে।
আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল, যাঁরা দাগি বা অযোগ্য নন, তাঁরা আপাতত স্কুলে যোগ দিতে পারবেন, তবে ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই নিরিখে গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণের দাবি জানান মামলাকারীরা। কিন্তু সেই আবেদন গ্রহণ না করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এ ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে না।








